মোঃগোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ভূরুঙ্গামারী উপজেলায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপজেলায় মোট ৯২টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন ১ হাজার ১৯৬ জন আনসার সদস্য।
নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ৪ জন নারী ও ৯ জন পুরুষ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে থাকবেন ১ জন সেকশন কমান্ডার, ১ জন সহকারী সেকশন কমান্ডার এবং প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় নিয়োজিত ১ জন আনসার সদস্য।
এছাড়া গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলোতেও একইভাবে সেকশন কমান্ডার, সহকারী সেকশন কমান্ডার এবং প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য নিয়োজিত থাকবেন, যাতে করে ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়।
এ উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলার ৯২টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সকল আনসার সদস্যদের নিয়ে ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে একটি প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার প্রশিক্ষক (মহিলা)–এর নেতৃত্বে আয়োজিত এই প্রশিক্ষণে নির্বাচনের দিন দায়িত্ব পালনের সার্বিক নিয়ম-কানুন, আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে উপস্থিত বক্তারা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এই দায়িত্ব পালনে আনসার সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলায় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।