নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো :রাজশাহীর সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৬টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন মীরগঞ্জ বিওপির হাবিলদার সেলিম রেজার নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, মেইন পিলার ৭৮/৭-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিআর নং ৭২৫৮০৪ ও ম্যাপশিট নং ৭৮ডি/১৬ এলাকায় রাওথা পদ্মা নদীর চরে আরআইবি ও এসআইপি-এর সিভিল সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১০০ বোতল ভারতীয় ব্রনকফ নেশাজাতীয় সিরাপ এবং ১৫ বোতল ভারতীয় ফেনসি ডিএক্স নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
জব্দকৃত ব্রনকফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা, ফেনসি ডিএক্স সিরাপের মূল্য ৬ হাজার টাকা এবং একটি প্লাস্টিক বস্তার মূল্য ১০ টাকা ধরা হলে মোট সিজার মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ১০ টাকা।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট কোনো পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত নেশাজাতীয় দ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।