রিপন মিয়া, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে উজ্জ্বল মোল্লা (২৬) ও তার ভাতিজা এম. রেজুয়ান হোসেন (১৯) ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। আহত উজ্জ্বল মোল্লা বর্তমানে গুরুতর অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আহতদের প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গুরুতর আহত উজ্জ্বল মোল্লার বাবা আঃ আলীম মোল্লা (৪৭) শনিবার (২৮ মার্চ) সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গত ২৭ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে মেদুলিয়া গ্রামের ডাবল ব্রিজ এলাকা থেকে বাড়ি ফেরার পথে নয়ন মিয়া (২৪), তার পিতা নাজিমুদ্দিনসহ আরও ৪-৫ জন সংঘবদ্ধভাবে উজ্জ্বল মোল্লার পথরোধ করে।
এসময় নয়ন মিয়ার হাতে থাকা ধারালো চাকু দিয়ে উজ্জ্বল মোল্লার বুকের বাম পাশে আঘাত করা হয়। পরে তার চিৎকারে এগিয়ে আসা ভাতিজা এম. রেজুয়ান হোসেনকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, হামলাটি পূর্বপরিকল্পিত। উজ্জ্বল মোল্লার শরীরে অন্তত ৪টি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান