রিপন মিয়া,সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: সিংগাইর উপজেলা-এ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে গ্রামীণ বাংলার ঐতিহ্য তুলে ধরতে মাথাল, লাঙ্গল, কাস্তে ও পালকিসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। অংশগ্রহণকারীদের পোশাকেও ফুটে ওঠে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী রূপ।
পরে উপজেলা সম্মেলন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংগীত পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল বাশার চৌধুরী এবং থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিদের জন্য পান্তাভাত, বিভিন্ন ভর্তা, ভাজি ও রুই মাছসহ বাঙালি ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। আগতদের গামছা দিয়ে বরণ করা হয়।
এছাড়াও নববর্ষ উপলক্ষে সরকারি হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান