বাছির ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের মাধবদী গ্রামে বয়ে যাওয়া কালী নদীর তীরে তীব্র ঝড় ও বৃষ্টির কারণে কৃষকদের পাকা ধান ও ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার সঙ্গে নদীর কচুরিপানা যুক্ত হয়ে ফসল ঘরে তোলা অনিশ্চিত হয়ে পড়লে স্থানীয় কৃষকরা সম্মিলিতভাবে দুর্যোগ মোকাবিলায় মাঠে নামেন।
সম্প্রতি হওয়া ঝড়-বৃষ্টিতে গ্রামের নিচু এলাকার জমিগুলো পানিতে নিমজ্জিত হয়। এতে কৃষকদের কষ্টার্জিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে কয়েক ডজন কৃষক একত্রিত হয়ে পানির নিচ থেকে ধান উদ্ধার এবং কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন।
কৃষক রুবেল সরকার দুঃখ প্রকাশ করে বলেন, ঝড়-বৃষ্টির কারণে ক্ষেতের ধান পানির নিচে চলে গেছে। তার ওপর কচুরিপানার জট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সহায়তার আবেদন জানান, যাতে কৃষকদের ক্ষতি লাঘব করা যায়।
এদিকে স্থানীয় বাসিন্দা লিপন সরকারের ক্ষেতে মোমেন সরকারসহ প্রায় ৩০-৪০ জন কৃষক প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ধান রক্ষার কাজে অংশ নেন। কৃষকরা জানান, একে অপরের সহযোগিতা ছাড়া এই পরিস্থিতিতে ধান ঘরে তোলা সম্ভব হতো না।
#কিশোরগঞ্জ #কুলিয়ারচর #কৃষক #ধানক্ষেত #ঝড়বৃষ্টি #জলাবদ্ধতা #কৃষি #বাংলাদেশ #স্থানীয়সংবাদ
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান