— প্রতিবেদক: বাছির ইসলাম, কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি।
সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামের প্রধান সড়ক। দীর্ঘদিন ধরে রাস্তার ভাঙা ও নিচু অংশে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের দুর্ভোগ এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকবরনগর গ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য এটি শিক্ষার্থীদের অন্যতম প্রধান পথ। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে ডোবার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে কাদা ও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থা বিরাজ করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার কাজ করা হয়নি। বৃষ্টির সময় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। অনেক শিক্ষার্থী কাদা-পানিতে জামাকাপড় নষ্ট হওয়ায় সময়মতো স্কুল-কলেজে উপস্থিত হতে পারছে না। এতে ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।
ভুক্তভোগী এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের কাছে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত রাস্তাটি মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান