গোলাম মোস্তফা, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ জানায়, ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ অর্পণ কুমার দাস–এর উপস্থিতিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কচাকাটা থানার তালতলা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এক যুবককে আটক করে পুলিশ। পরে তার জিম্মায় থাকা একটি খালি গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সুজন মিয়া (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কচাকাটা থানার শোভার কুঠি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজাগুলো ঢাকায় পাচারের উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডারের ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পরে সিলিন্ডারটি কেটে ভেতর থেকে মাদক উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে কচাকাটা থানার নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকায় পৃথক আরেক অভিযানে নৌকাযোগে আসা এক ব্যক্তির কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোন্নাফ পুলিশকে জানান, তিনি নারায়ণপুর ইউনিয়নের কথিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ভাষার পক্ষে নিয়মিত মাদক পরিবহনের কাজ করতেন।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।”