বাছির ইসলাম, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের গাঁজাসহ রুবিনা খাতুন (৪৬) নামে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি ভৈরব থেকে বাজিতপুরের সরারচর এলাকায় বিক্রির উদ্দেশ্যে মাদক বহন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক রুবিনা খাতুন ভৈরব উপজেলার কালিপুর গ্রামের আকবর আলীর স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) রাতে কুলিয়ারচর থানা পুলিশের মোবাইল ডিউটি ও বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উসমানপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় কাশেম মিয়ার মুরগির ফার্মের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে প্লাস্টিকের চটের বস্তার ভেতরে কসটেপে মোড়ানো বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুবিনা খাতুন বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহনের কথা স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান