
গোলাম মোস্তফা ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) ।।কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ক্যাসিনো সম্রাট ও অনলাইন জুয়ার এজেন্ট আলাল হোসেন কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও অফিসার ইনচার্জ আজিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারের একটি মোবাইল ব্যাংকিং দোকান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাংগা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়াঁলে অনলাইন জুয়ার এজেন্ট হিসাবে কাজ করে আসছিলেন আলাল হোসেন। তিনি মোবাইল ব্যাংকিং দোকানের মাধ্যমে সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ০৪ টি স্মার্ট ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ায় রিচার্জের কাজে ব্যবহৃত নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।
ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, ১৬৬ বছর পর ব্রিটিশ আমল প্রণীত জুয়া আইন সংস্কার হয়ে নতুন জুয়া আইন-২০২৬ জারি হয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন জুয়ার বা ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। আমরা এ উপজেলাকে মাদক, চোরাকারবারী ও জুয়া মুক্ত রাখতে বদ্ধপরিকর।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, তার বিরুদ্ধে সদ্য প্রণীত “জুয়া আইন-২০২৬” এর অনলাইন জুয়া খেলা সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান চলবে।