
কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন, ১১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির সন্দেহভাজন ১ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে ভৈরব পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। এছাড়া উপজেলা তাঁতীদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফ আহমেদ শাওন, সরকারি হাজী আসমত কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হান্নান আহমেদ হিমুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আটক ব্যক্তিরা হলেন আমলাপাড়া এলাকার সিজন মিয়া (৩২), তাঁর স্ত্রী হাসি আক্তার মিম (২৬) এবং শ্যালক আসিফ মিয়া (২৪)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয়দের কাছ থেকে ওই এলাকায় মাদক কারবারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন, ১১০ পিস ইয়াবা এবং নগদ ১ লাখ ৪৭ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত অর্থ মাদক বিক্রির লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট।
ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বলেন, “এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পর দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা জানান, আটক তিনজনের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান