
কিশোরগঞ্জ প্রতিনিধি: বাছির ইসলাম
দীর্ঘদিনের অবহেলা ও জনদুর্ভোগের অবসান ঘটিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের পূর্ব গাইলকাটা মহল্লার ভেতর দিয়ে থানা মোড় থেকে ডাকবাংলো মোড় এবং পূর্ব গাইলকাটা পারিবারিক কবরস্থান পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার ও উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
স্থানীয় সংসদ সদস্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন। পরে চলমান কাজ পরিদর্শন করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর আজহার উদ্দিন লিটন, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা এবং পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু।
স্থানীয় বাসিন্দারা জানান, পৌরশহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। প্রতিদিন হাজারো মানুষের চলাচল হলেও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দুর্ভোগ ছিল নিত্যদিনের সঙ্গী।
অবশেষে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের উদ্যোগে সড়কটির উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও টেকসই হবে। পাশাপাশি যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াতে দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে।