
মাহবুবুল ইসলাম
মাদারীপুর সদর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরে মানব পাচার প্রতিরোধে নতুন উদ্যোগ হিসেবে 'মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা পুলিশ আয়োজিত এ অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান মানব পাচারের ভয়াবহতা তুলে ধরে দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
বুধবার (২৯ জুলাই) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, মাদারীপুর জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ জীবিকার সন্ধানে বিদেশে যান। এই সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণির অসাধু দালাল ও মানব পাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তারা উন্নত জীবন ও ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে ইতালিতে পাঠানোর কথা বলে একজনের কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা আদায় করা হয়। পরে বৈধ পথে না পাঠিয়ে তাদের লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে মানবেতর পরিবেশে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। একই সঙ্গে পরিবারের কাছ থেকে আরও ২০ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হয়। মুক্তিপণ দিতে না পারলে অনেকেই দীর্ঘদিন আটকে থাকেন, আবার কেউ কেউ প্রাণও হারান।
পুলিশ সুপার আরও বলেন, এসব প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। জমিজমা বিক্রি, ঋণ গ্রহণ ও ধারদেনা করে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত তাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। তাই মানব পাচার রোধে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি।
তিনি জানান, উদ্বোধন হওয়া মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল জেলার মানব পাচারসংক্রান্ত অভিযোগ গ্রহণ, তদন্ত ও ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেউ যদি মানব পাচারের শিকার হন বা এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তথ্য জানেন, তাহলে নির্ভয়ে এই সেলে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার বলেন, "কোনো ভুক্তভোগী যদি অভিযোগ করেন, তাহলে এই মনিটরিং সেলের মাধ্যমে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং তাকে সর্বোচ্চ আইনগত সহায়তা দেওয়া হবে। মানব পাচারের সঙ্গে জড়িত দালাল ও অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মানব পাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান