
মোঃ ফরিদ হোসেন ,মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি |
মানিকগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও মাদকাসক্ত অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উদ্যোগে জেলার সাটুরিয়া উপজেলার কামতা এলাকায় এ মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানের সময় মাদক সেবন এবং মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে চারটি পৃথক মোবাইল কোর্ট মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক আসামিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে প্রচলিত আইন অনুযায়ী অতিরিক্ত শাস্তি ভোগ করতে হবে।
অভিযানে আসামিদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় দুটি ধারালো চাইনিজ কুড়াল, দুটি দেশীয় ধারালো চাকু, একটি দেশীয় রামদা এবং একটি দেশীয় চাবুক। উদ্ধারকৃত এসব দেশীয় অস্ত্র জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে জব্দ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ মোয়াজ (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার চর হিজুলী গ্রামের মোঃ দাউদ খানের ছেলে মোঃ শাওন (২২), পশ্চিম দাশড়া গ্রামের মোঃ সালামের ছেলে মোবারক হোসেন (৩৫) এবং গড়পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম ভ্রাম্যমাণ আদালতে চারটি মামলার প্রসিকিউশন পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারি, মাদক সেবন এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।