
সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানা পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।
আজ ২রা আগস্ট পরিদর্শনের সময় পুলিশ সুপার থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করেন। তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের জনগণকে দ্রুত, আন্তরিক ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সাথে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার সীতাকুণ্ডের বাটিরখীল এলাকায় স্থানীয় জনগণের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকাবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের সন্ত্রাসী কর্মকাণ্ড, ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার নানা অভিযোগ পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।
পুলিশ সুপার স্থানীয় অধিবাসীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রতিটি অভিযোগ আইনিভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, "কোনো অপরাধী, সন্ত্রাসী বা মাদক কারবারি আইনের ঊর্ধ্বে নয়। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা নিতে চট্টগ্রাম জেলা পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।"
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়ে তিনি যেকোনো অপরাধ, সন্ত্রাস, মাদক বা চাঁদাবাজির তথ্য দ্রুত থানায় অথবা পুলিশের জরুরি সেবায় জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রাম জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান