
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্টকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পোস্টে করা ব্যক্তিগত অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিব প্রামাণিক (২২) নামে ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে রাকিব নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দেন। একটি পোস্টে তিনি নিজের জীবন নিয়ে হতাশার কথা জানিয়ে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজের অবস্থানের ইঙ্গিত দেন। ওই পোস্টের সূত্র ধরেই স্থানীয়রা আমবাগানে একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
আরেকটি পোস্টে রাকিব দাবি করেন, তিনি এক তরুণীকে ভালোবাসতেন এবং ওই তরুণীর পরিবার তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিচ্ছে। পোস্টে তিনি কয়েকজনের নাম উল্লেখ করে নিজের মৃত্যুর জন্য তাদের দায়ী করেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
জটিবাড়ি এলাকার বাসিন্দা নাসির উদ্দিন জানান, রাকিব শান্ত ও ভদ্র স্বভাবের ছিলেন। স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার সময় এক তরুণীর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি বিদেশে গেলেও প্রত্যাশিত কাজ না পেয়ে দেশে ফিরে আসেন। সম্প্রতি ওই তরুণীর বিয়ের খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়দের ধারণা।
এদিকে, রাকিবের ফেসবুক পোস্টে উল্লেখ করা এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে তার জানা নেই। রাকিব কীভাবে তার নম্বর পেয়েছেন, সেটিও তিনি জানেন না বলে জানান।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান