
কায়েস আহমদ জয় ।। নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনা জেলায় ভয়াবহ লোডশেডিং পরিস্থিতি বিরাজ করছে। জেলার গ্রামাঞ্চলে দৈনিক প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। গ্যাস ও কয়লা সংকটের কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় জেলাজুড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনায় বর্তমানে বিদ্যুতের সরবরাহ চাহিদার অর্ধেকেরও নিচে নেমে এসেছে। জেলা শহরে মাঝে মধ্যে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ পাওয়া গেলেও উপজেলা ও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এমনকি গভীর রাতেও দফায় দফায় লোডশেডিং হচ্ছে।
তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহের এমন সংকটের মধ্যেও অনেক গ্রাহকের কাছে ‘ভূতুড়ে’ বা অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে বলে অভিযোগ রয়েছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ আরও বেড়েছে।
লোডশেডিং পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ৬ আগস্ট নেত্রকোনা জেলা সদরে রাজনৈতিক ও সামাজিক জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। তবে এরপরও লোডশেডিং পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবে জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটকে দায়ী করা হচ্ছে। এলএনজি (LNG) টার্মিনালে দুর্ঘটনা এবং গ্যাস ও কয়লার সংকটের কারণে দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।
এ ছাড়া স্থানীয় বিদ্যুৎ বিভাগের তথ্যানুযায়ী, জেলাজুড়ে অবৈধ সংযোগ, অবৈধ মিটার ও বিদ্যুৎ চুরির কারণেও বিদ্যুৎ লাইনে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। এতে ঘন ঘন লোডশেডিং ও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার অন্যতম কারণ হিসেবে এসব বিষয়কে উল্লেখ করা হচ্ছে।
দীর্ঘ সময়ের এই লোডশেডিংয়ের কারণে নেত্রকোনার ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত এ সংকটের সমাধান করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।