
দিরাই প্রতিনিধি।। মোঃ হুমায়ুন কবির
সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাদের বাবা কামরুলকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি ছেলে মোহাদ্দেস (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)–কে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দিরাই উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামের কামরুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি একা বাড়িতে ফিরে আসেন। তবে তার দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি।
এরপর মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় হাওরে পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।”
ঘটনার বিস্তারিত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।