মোঃ আকরাম হোসেন।। বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া সংলগ্ন আঠারো চূড়া বিল এলাকায় নতুন একটি ক্যাফে উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় ফিরুজ নামে এক তরুণ কনটেন্ট ক্রিয়েটরকে আটকের অভিযোগ উঠেছে। তবে ফিরুজের স্বজন ও এলাকাবাসীর দাবি, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না। তারা তার দ্রুত মুক্তি এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আঠারো চূড়া বিল এলাকায় একটি নতুন ক্যাফে উদ্বোধনকে কেন্দ্র করে সেখানে বিপুলসংখ্যক উৎসুক মানুষের সমাগম হয়। উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে কয়েকজন যুবকের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সেখানে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও ফিরুজের স্বজনদের দাবি, ঘটনার সময় ফিরুজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনো ধরনের মারামারি বা বিশৃঙ্খলায় অংশ নেননি। ফিরুজ স্থানীয়ভাবে একজন তরুণ ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করাই তার মূল কাজ বলে জানান স্বজনরা।
তাদের অভিযোগ, ঘটনার পর ধলাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে ফিরুজকে আটক করে নিয়ে যান। পরিবারের দাবি, তাকে আটকের আগে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা যথাযথভাবে যাচাই করা হয়নি।
ফিরুজের পরিবারের এক সদস্য বলেন, “ফিরুজ একজন সাধারণ ও ভালো মনের ছেলে। সে কোনো মারামারি বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। শুধু ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণেই তাকে আটক করা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা ঘটনার সঠিক তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এলাকাবাসীর অভিযোগ, ক্যাফে উদ্বোধনকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত না করে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা উচিত নয়। তারা পুলিশ প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
এদিকে ফিরুজের পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে ফিরুজের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
তবে ফিরুজকে আটকের বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান