মোঃ শরিফুল ইসলাম ।। শাহজাদপুর উপজেলা প্রতিনিধি:
‘মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরেও শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল ১০টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ড হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে ‘মাছ চাষ করি, পুষ্টি বাড়াই, কারেন্ট জাল নিপাত যাক’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ ইমদাদুল হক নওশাদসহ মৎস্য চাষি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেল ও গ্লাসকার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, মৎস্য পক্ষ উপলক্ষে ১৫ দিনব্যাপী ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষিদের প্রশিক্ষণ, মাঠ দিবস ও ভ্রাম্যমাণ মৎস্য মেলার আয়োজন করা হবে। প্রতিটি বাড়ির আঙিনায় পুকুর থাকলে সেখানে মাছ চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি আয়ও বাড়ানো সম্ভব।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান