
মোহাম্মদ মামুন খান, হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি।
চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র্যালি, উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “মাছ আমাদের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম সফল দেশ। দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, মৎস্য সম্পদের যথাযথ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। নিরাপদ ও টেকসই মৎস্য উৎপাদনের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রশিদ বলেন, জলাশয় দখল, দূষণ, অবৈধভাবে মাছ শিকার এবং কারেন্ট জালসহ ক্ষতিকর উপকরণের ব্যবহার বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। সরকারি নির্দেশনা মেনে মাছ চাষ করলে মৎস্য চাষিরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
আলোচনা সভায় বক্তারা জাতীয় মৎস্য পক্ষের তাৎপর্য তুলে ধরে মৎস্য সম্পদ সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ গাজী, আঃ কুদ্দুছ মেহনতি, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল হোসেন আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জহির হোসেন মিয়াজি, জুয়েল সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মৎস্য চাষি, মৎস্যজীবী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষ ও উৎপাদনে বিশেষ অবদানের জন্য নির্বাচিত সফল মৎস্য চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান