
স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) আদিতমারী উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আদিতমারী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. সালেকুজ্জামান প্রামাণিক সালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহরিয়ার আলম রনি ও সদস্য সচিব মো. আসাদুল হাবিব মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. হাসানুল হক বান্না ও সদস্য সচিব আবু বক্কার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল হালিমসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মোনাজাত শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গড়ে উঠেছিল।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।