মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সংবাদকর্মী জাকির হোসেন ইমনকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ সাংবাদিকদের সকল সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিক, পেশাজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নারী সাংবাদিকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও অপপ্রচারমূলক পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড সাংবাদিকতা পেশার মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি নারী সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশের ক্ষেত্রে বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।
বক্তারা বলেন, সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় কর্মরত কোনো ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সাংবাদিক সংগঠনগুলোর উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
মানববন্ধন থেকে বক্তারা তিনটি প্রধান দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—অভিযুক্ত জাকির হোসেন ইমনকে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ সকল পেশাজীবী সাংবাদিক সংগঠন থেকে অবিলম্বে বহিষ্কার করা; নারী সাংবাদিকদের হেয় প্রতিপন্ন ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া; এবং গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারী সাংবাদিকদের নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা।
মানববন্ধন শেষে আয়োজকরা বলেন, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে এবং অভিযোগের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরবর্তীতে সারাদেশের সাংবাদিকদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান