ইমন আহমদ ।। সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে অবস্থিত হাজি কনু মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় শিক্ষার মানোন্নয়ন ও আগামী দিনের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে জরুরি অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের নিজস্ব হলরুমে আয়োজিত এ সমাবেশে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা অংশ নেন। বিপুলসংখ্যক অভিভাবকের উপস্থিতিতে হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা অংশ নেন। আলোচনায় সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনার মান, নিয়মিত উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি এবং সামগ্রিক ফলাফল উন্নত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা কোনোভাবেই শিক্ষায় পিছিয়ে থাকবে—এটি মেনে নেওয়া যায় না। একটি পরীক্ষার ফলাফল প্রত্যাশিত না হওয়ায় হতাশ না হয়ে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে নিয়মিত ক্লাসের পাশাপাশি বিষয়ভিত্তিক অতিরিক্ত ও রেমেডিয়াল ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, সেসব বিষয়ে বিশেষ নজর দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি যাচাই এবং পরীক্ষাভীতি দূর করতে নিয়মিত মডেল টেস্ট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মডেল টেস্টের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
সভায় শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার ও অতিরিক্ত বিনোদনের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। পড়াশোনার সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণের পাশাপাশি বাসায় শিক্ষার্থীদের জন্য পড়ালেখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কোনো শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তার কারণ অনুসন্ধান করে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হবে। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত সরাসরি ও মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সদস্যরা বলেন, একটি প্রত্যাশিত ফলাফল না পাওয়া প্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার জন্য ইতোমধ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামী দিনে হাজি কনু মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও বিদ্যালয় ও অভিভাবকদের একসঙ্গে কাজ করতে হবে।
সমাবেশের শেষে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সন্তানদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে পাঠানো এবং বাড়িতে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারা।
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী এসএসসি পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষার মান ও সুনাম পুনরুদ্ধার করা সম্ভব হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান