কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি: বাছির ইসলাম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদ সরকারের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা (বড়-বাড়ি) গ্রামের একটি মাদ্রাসায় নিহত শহিদ সরকারের নিজ এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে ছয়সূতী ইউনিয়ন ছাত্রদল।
মিলাদ ও দোয়া মাহফিলে কুলিয়ারচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরমান উজ্জামান সুজন, ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মশিউর রহমান সজীব, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়াসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শহিদ সরকারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলে শহিদ সরকারের পরিবারের সদস্য, মাদ্রাসার শিক্ষার্থী, স্বজন, স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
মিলাদ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা শহিদ সরকারের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ২৮ বছর বয়সী শহিদ সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহিদ সরকার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা শহিদ সরকারের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেষে তার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান