কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কুলিয়ারচর থানাধীন বীরকাশিমনগর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বীরকাশিমনগর পশ্চিমপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেওয়া বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং নাছির মিয়াকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ নাছির মিয়াকে আটক করেন। পরে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত নাছির মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান