মোঃ মানিক মিয়া, স্টাফ রিপোর্টার:
ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুল পর্যায়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে নারায়ণগঞ্জে বিশেষ প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষার্থীরা যদি নিজেদের বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন হয়, তাহলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”
সভায় ডেঙ্গু ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্কুল পর্যায়ে নিয়মিত তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় নাগরিক ও শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও বর্জনীয় বিষয়সংবলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আলোচনা সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক সচেতনতামূলক প্রচারণা ও জনসম্পৃক্ততার মাধ্যমে নারায়ণগঞ্জকে মশামুক্ত ও সুস্থ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান