নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর পল্লবীতে এক গৃহবধূর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাসেলসহ পাঁচজনের নাম উল্লেখ করে পল্লবী থানায় লিখিত এজাহার দিয়েছেন ভুক্তভোগী আছিয়া (৬০)।
এজাহার সূত্রে জানা যায়, পল্লবীর সেকশন-১২, ব্লক-ই, পূর্ব কুর্মিটোলা তোতা মিয়ার বস্তি এলাকার বাসিন্দা আছিয়ার মিরপুর-১১ নম্বর রাবেদা ক্যাম্প এলাকায় একটি বাড়ি রয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্থানীয় ‘আশিক গ্যাংয়ের’ অনুসারী পরিচয়ে রাসেল, ইব্রাহিম, শাহীন, নশাদ ও অমিতসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
এজাহারে আছিয়া অভিযোগ করেন, গত ২৪ আগস্ট বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে রাবেদা ক্যাম্পের বাড়ি দখল এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, একই দিন বিকেল চারটার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে পুনরায় তাঁর ঘরে প্রবেশ করে চাঁদার টাকা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১ নম্বর অভিযুক্ত রাসেল পিস্তল বের করে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন। এ সময় অন্যরা তাঁকে ধাক্কা দিয়ে দেয়ালের সঙ্গে ফেলে দেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে আছিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের পর পল্লবী থানায় লিখিত এজাহার দায়ের করেন আছিয়া।
অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান