চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলার চার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্যসংক্রান্ত অপরাধ দমনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকাগুলোতে ধারাবাহিক অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল (৩০), মো. ফারুক (২৯), মো. আইনুদ্দিন (৩৬), মো. ফেরদৌস (৫০) ও মো. শাহজাহান (৫৫)। তাঁদের বাড়ি সীতাকুণ্ডের আলীনগর, সলিমপুর ও জঙ্গল সলিমপুর এলাকায়।
পুলিশ জানায়, প্রথম চারজনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানার একটি মামলায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪-এ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার শাহজাহান দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইয়াছিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করে আসছিলেন। তিনি সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে এলাকায় পরিচিত। তাঁর বিরুদ্ধে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন অপরাধে ২০টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ ও সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্যের অপব্যবহার বরদাশত করা হবে না। আলীনগর ও জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধী যতই শক্তিশালী বা প্রভাবশালী হোক, তাকে আইনের আওতায় আনা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও বিস্ফোরকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান