নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্সসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি অ্যাম্বুলেন্সটির মূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন বেউথা মোড় এলাকায় মানিকগঞ্জ-সিংগাইর পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বস্তী এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার মৃত খন্দকার শরিফ উদ্দিনের ছেলে খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০) এবং হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটি এলাকার আবুল কাশেমের ছেলে রেজাউল করিম খান মিলন (৪১)।
ডিবি পুলিশ জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো-এর তত্ত্বাবধানে এবং এসআই অভিজিৎ চৌধুরী-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে তিনজনকে আটক করার পর তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বহনে ব্যবহৃত একটি সরকারি অ্যাম্বুলেন্স উদ্ধার করা হয়।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান