
চাঁদপুরের হাইমচর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটস হাইমচর উপজেলা শাখার স্থানীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্কাউট নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম হাইমচর উপজেলা স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত স্কাউট নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারণ এবং তরুণদের সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
স্কাউট নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে হাইমচর উপজেলা স্কাউটসের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও শক্তিশালী করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সহসভাপতি মো. মাজহারুল হুদা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ও উপজেলা স্কাউটসের অডিটর মো. আহসানুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ আ. মান্নান, গন্ডামারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্ষাওয়াত হোসেন।
এ ছাড়া উপজেলা স্কাউটসের সহসভাপতি ও পূর্ব চরকৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, উপজেলা স্কাউটসের কমিশনার শেখ আবু জাফর, সম্পাদক আইনুল হাসান, যুগ্ম সম্পাদক মাছুম বিল্লাহ, স্কাউট লিডার জসিম উদ্দিন, উপজেলা কাব লিডার নিশেষ নারায়ণ মজুমদার, সহকারী কমিশনার সুনীল চন্দ্র মাঝি, অডিটর ফারজানা শাহীন, সহযোজিত সদস্য ও ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রশিদ এবং চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে উপজেলা স্কাউট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনা ও সহযোগিতায় হাইমচর উপজেলা স্কাউটসের কার্যক্রম আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।