রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারিতে জোবেদা বেগম নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করলেন এমপি রোকন উদ্দিন বাবুল মেলান্দহে ৮৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত সন্দেহে ২ হাজার ছাড়াল রোগী, হাম শনাক্ত ৪৭ জনের জয়পুরহাটের দুর্গাদহ কলার হাটে কোটি টাকার বাণিজ্য, ভোগান্তিতে কৃষক-ব্যবসায়ীরা লালমনিরহাট সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পাঁচবিবিতে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু লালপুরে অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে যুবক আটক, দুটি মোবাইল জব্দ কালাইয়ে ১ কোটি ৫৪ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের সামগ্রী সরালেন ঠিকাদার লালমনিরহাটে কুমড়ীরহাট-গোড়ল সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হাইমচরে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত, জন্ম-মৃত্যু নিবন্ধনে কৃতিত্বের জন্য গ্রাম পুলিশকে পুরস্কৃত

সারের দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ, সড়ক অবরোধ; কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

-
মোঃ গোলাম মোস্তফা | ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / বার্তা পাঠানো হয়েছে
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সারের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার সোনাহাট এলাকায় চাহিদামতো সার না পাওয়ার অভিযোগে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় ঘটনাস্থলে যাওয়া উপজেলা কৃষি কর্মকর্তাকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ কৃষকেরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সোনাহাট এলাকায় সার বিতরণ শুরু হলে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ কৃষকেরা তাকে ঘিরে ধরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কৃষি কর্মকর্তাকে সেখান থেকে উদ্ধার করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, উপজেলার কোনো না কোনো ইউনিয়নে প্রতিদিনই সার নিয়ে কৃষকেরা বিক্ষোভ করছেন। কোথাও কোথাও সড়ক অবরোধের ঘটনাও ঘটছে। এসব পরিস্থিতি সামাল দিতে পুলিশকে প্রতিদিনই ঘটনাস্থলে যেতে হচ্ছে।

ওসি বলেন, ‘কৃষি বিভাগে কী পরিমাণ সার মজুত আছে এবং কৃষকদের চাহিদা কত—তা পরিষ্কারভাবে জানানো হলে এ ধরনের সমস্যা অনেকটাই কমত। কৃষি বিভাগ পর্যাপ্ত সার থাকার কথা বলছে, অথচ কৃষকেরা সার না পেয়ে সড়ক অবরোধ করছেন। এসব পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে পুলিশের অন্যান্য কার্যক্রমও ব্যাহত হচ্ছে।’

এদিকে একই উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের শহীদ মোড় এলাকাতেও সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, জেলায় পর্যাপ্ত সার রয়েছে। আগাম ভুট্টা ও বেগুন চাষের জন্য কৃষকেরা বাড়তি সার মজুত করায় কোথাও কোথাও সাময়িক সংকট তৈরি হচ্ছে। পরিস্থিতি সমন্বয়ের মাধ্যমে সার বিতরণের চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২৩ আগস্ট ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে এক ডিলারের গুদামের বেড়া ভেঙে ২২৫ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে প্রশাসনের আশ্বাসে কৃষকেরা ১১৫ বস্তা সার ফেরত দেন।

ওই ঘটনায় ধলডাঙ্গা বাজারের সার ডিলার মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজের বিরুদ্ধে কৃষকদের সময়মতো সার না দেওয়া এবং ক্যাশমেমোতে অসংগতির অভিযোগ ওঠে। পরে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়।

সারের সরবরাহ ও বিতরণ নিয়ে ধারাবাহিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে অসন্তোষের বিষয়টি সামনে এসেছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করা গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত II দৈনিক জনতার দেশকন্ঠ II আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ। জিমেইল : janatardeshkhantho@gmail.com
Theme Customized By BreakingNews