
সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির নেতা এম সাইফুর রহমানের মৃত্যুর পেছনে কোনো ষড়যন্ত্র ছিল কি না, তা অনুসন্ধান করে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবে সেটি নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল—তা খুঁজে দেখা প্রয়োজন। তার মতে, বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাইফুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি নিজের ভিত্তির ওপর দাঁড় করানো, কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা অনেকের কাছে হয়তো পছন্দনীয় ছিল না। এ কারণে সাইফুর রহমানের মৃত্যুর ঘটনাটি নিয়ে যে প্রশ্ন রয়েছে, তা অনুসন্ধানের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন।
সাইফুর রহমানের অর্থনৈতিক নীতির প্রশংসা করে রিজভী আরও বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং বাংলাদেশের অর্থনীতির উদারীকরণে সাইফুর রহমানের নীতির অনুসরণ করেছিলেন। অথচ বাংলাদেশে অনেক সময় সাইফুর রহমানের অবদান যথাযথভাবে স্মরণ করা হয় না। তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা যান। ওই দিন তিনি মৌলভীবাজারের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন।
আলোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনীতির ভিত্তি তৈরির অন্যতম কারিগর ছিলেন। মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছিলেন।
তিনি বলেন, সিলেটবাসীর কাছে এম সাইফুর রহমানের পরিচয় শুধু একজন সাবেক অর্থমন্ত্রী হিসেবে নয়। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো, ক্রীড়া ও সামগ্রিক উন্নয়নে তার বিভিন্ন উদ্যোগ সিলেটবাসী আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সিলেটকে দেশের একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় অঞ্চল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার ভূমিকা তাকে সিলেটবাসীর কাছে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তার ছেলে ও সংসদ সদস্য এম নাসের রহমান। সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউস এমপি এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি হেলাল খান।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিএনপির নেতাকর্মী ও এম সাইফুর রহমানের অনুসারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশের অর্থনীতি ও সিলেটের উন্নয়নে এম সাইফুর রহমানের অবদানের কথা স্মরণ করে তার রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান