
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট সীমান্ত এলাকার চরাঞ্চলে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূরুঙ্গামারী উপজেলার পাগলারহাট এলাকার মো. ওমর আলী (৪৩) ও মো. মানিক মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন-এর নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল পাগলারহাটের চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন এবং ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দ করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক প্রতিরোধে প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে দুই ব্যক্তিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, “ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদক প্রতিরোধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মাদকবিরোধী এ কার্যক্রমে স্থানীয় জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।