খাগড়াছড়ির দীঘিনালায় ফুটবল কাপ টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দীঘিনালা জোনের আয়োজনে দীঘিনালা মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ তৌকির আহমেদ, এস ইউ পি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি কলেজের অধ্যক্ষ তরুণ কান্তি চাকমা।
এছাড়াও অনুষ্ঠানে দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মোঃ জাহিদ হাসান জয়, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, দীঘিনালা জীপ মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সম্প্রদায়ের দর্শকরা উপস্থিত ছিলেন।
খেলাটি উপভোগ করতে দীঘিনালা মিনি স্টেডিয়ামে আনুমানিক ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ দর্শকের সমাগম ঘটে। বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলায় সম্প্রীতি ফুটবল একাদশ ও ঐক্য ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সম্প্রীতি ফুটবল একাদশ ৫-২ গোলের ব্যবধানে ঐক্য ফুটবল একাদশকে পরাজিত করে।
দর্শকরা পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের উৎসাহ দেন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান