নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাস্টার প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্স নীলফামারীর আর.আই. মোঃ মোফাজ্জল হোসেন সরকার।
মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন। পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন করেন।
কিট প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি পরিদর্শন করেন পুলিশ সুপার। কিট সামগ্রীর সঠিক ব্যবহার ও পরিচ্ছন্নতার ভিত্তিতে সংশ্লিষ্ট সদস্যদের জিএস মার্ক প্রদান করা হয়। পাশাপাশি যেসব পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট অফিস থেকে প্রয়োজনীয় কিট সামগ্রী সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়।
কিট পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা, ড্রেস রুলস মেনে সঠিকভাবে পোশাক পরিধান, নিয়মিত পিটি-প্যারেডে অংশগ্রহণ, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বজায় রাখা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্যও নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ,কে,এম ওহিদুন্নবী এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খানসহ নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
মাস্টার প্যারেড ও কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পোশাক-পরিচ্ছদ, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার এবং পেশাদারিত্বের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও প্রস্তুত থাকার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান