মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতি ও নৈরাজ্যের প্রতিবাদ এবং ‘সেলফি পরিবহন’-এর রুট পারমিট বাতিলের দাবিতে গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনতা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।
বিক্ষোভ সমাবেশ থেকে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ চলাচলের অভিযোগে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিল, মহাসড়কে বাসগুলোর বেপরোয়া ও অসুস্থ প্রতিযোগিতা বন্ধ, চালক ও হেলপারদের নিয়মিত ডোপ টেস্ট নিশ্চিত করা, যানবাহনের ফিটনেস যাচাই ও অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা এবং মহাসড়কে চলাচলকারী সব যানবাহনের ক্ষেত্রে ট্রাফিক আইন ও শৃঙ্খলা কঠোরভাবে পালন করা।
কর্মসূচির শুরুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বরংগাইল বাসস্ট্যান্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি একই স্থানে ফিরে এসে গণঅবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
এ সময় বক্তারা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসুস্থ প্রতিযোগিতার কারণে সাধারণ যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত ডোপ টেস্ট এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার দাবি জানান তারা।
মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোন্দকার তুহিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদলের সহসভাপতি পীযূষ ফাইটার, মির্জা আব্বাস, আসলাম মিয়া, সাবেক সহসভাপতি চঞ্চল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মিয়া, মো. রুবেল মিয়া, রায়হান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রমজান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
খোন্দকার তুহিন হোসেন বলেন, দ্রুতগতির কারণে সেলফি পরিবহনের বাসগুলো প্রায়ই সড়কে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে সাধারণ যাত্রীদের অভিযোগ রয়েছে। চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা জরুরি। সাধারণ যাত্রীদের যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পরিবহন মালিক-শ্রমিকদের মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচলে আইন ও শৃঙ্খলা কঠোরভাবে নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবালয় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান