
মানিকগঞ্জের সিংগাইরে পৃথক দুটি স্থানে মোবাইল কোর্টের অভিযানে মাদকসেবনের দায়ে মো. জুয়েল (৩৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে অনুমোদনহীনভাবে পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদন এবং পরিবেশ ছাড়পত্র ছাড়াই টায়ার পুড়িয়ে জ্বালানি তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ধল্লাবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. জুয়েলকে মাদকসেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
এরপর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে চামড়ার ওয়েস্টেজ ব্যবহার করে অনুমোদনহীনভাবে পোল্ট্রিফিড ও ফিশফিড উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
একই এলাকায় টায়ার পুড়িয়ে পরিবেশ ছাড়পত্র ছাড়াই জ্বালানি তৈরির অভিযোগে আরও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র অর্জন না করা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলার সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, মাদক, পরিবেশদূষণ, অনুমোদনহীনভাবে উৎপাদনসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের এমন অভিযানে মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও অনুমোদনহীন উৎপাদন কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।