
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিন পর নতুন করে দাম্পত্য জীবন শুরু করলেন ব্রিটিশ-পাকিস্তানি বংশোদ্ভূত এই লেখক ও চলচ্চিত্র প্রযোজক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে জেমিমার বিয়ের বিষয়টি জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলিয়ান অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রিলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জেমিমা গোল্ডস্মিথ। এর আগে গত মে মাসে ‘দ্য মেইল অন সানডে’ জানিয়েছিল, প্রায় এক বছরের প্রেমের সম্পর্কের পর জেমিমা ও ক্যামেরনের বাগদান সম্পন্ন হয়।
জেমিমার ভাই বেন গোল্ডস্মিথও বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া তার স্ত্রী জেমিমা জোন্স সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নবদম্পতির বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি জেমিমা ও ক্যামেরনের বিয়েকে আনন্দের একটি বিশেষ দিন হিসেবে উল্লেখ করেন এবং নবদম্পতির নতুন জীবনের প্রতি শুভেচ্ছা জানান।
জেমিমার নতুন জীবনসঙ্গী ক্যামেরন ও’রিলি প্রয়াত মিডিয়া মুঘল ও আন্তর্জাতিক রাগবি তারকা স্যার অ্যান্থনি ও’রিলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক ক্যামেরন ব্যবসা ও বিনিয়োগ জগতের পাশাপাশি মিডিয়া খাতেও দীর্ঘদিন কাজ করেছেন।
তিনি তার বাবার মালিকানাধীন মিডিয়া প্রতিষ্ঠান ‘ইন্ডিপেনডেন্ট নিউজ অ্যান্ড মিডিয়া’-তে কাজ করেন। পরবর্তী সময়ে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ‘এপিএন নিউজ অ্যান্ড মিডিয়া’-তেও প্রায় এক দশক দায়িত্ব পালন করেন।
২০০০ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২০০৩ সালে ‘বায়ার্ড ক্যাপিটাল’ নামে একটি প্রাইভেট ইকুইটি তহবিল গঠন করেন। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে সুইস মিটারিং কোম্পানি ‘ল্যান্ডিস+গাইর’ অধিগ্রহণ করেন তিনি। পরবর্তীতে ২০১১ সালে তোশিবার কাছে ২ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি বিক্রি করার আগে ক্যামেরন ও’রিলি এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গেও ক্যামেরনের সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করার সময়ই জেমিমার সঙ্গে তার পরিচয় হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী। ১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে তার বিয়ে হয়। দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের পর ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
ইমরান ও জেমিমার সংসারে দুই ছেলে—কাসিম ও সুলাইমান। বিচ্ছেদের পরও সন্তানদের নিয়ে দুজনের সম্পর্কের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।
জেমিমা চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত। তার প্রযোজিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট’। পাকিস্তানের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক ও দেশটির প্রতি ভালোবাসার প্রতিফলন হিসেবে তিনি চলচ্চিত্রটিকে নিজের এক ধরনের ‘লাভ লেটার’ হিসেবে বর্ণনা করেছেন।
অন্যদিকে ক্যামেরন ও’রিলির আগের সম্পর্কের ঘরে চার সন্তান রয়েছে। ফলে জেমিমা ও ক্যামেরনের নতুন দাম্পত্য জীবন দুই পরিবারের জন্যও একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।
জেমিমার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ইমরান খানের সঙ্গে তার অতীত দাম্পত্য সম্পর্কের কারণে জেমিমার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায়টি সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে।