
মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং ইসলামী ব্যাংক মানিকগঞ্জ শাখার ম্যানেজার মো. আলতাফ হোসেন।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের হাতে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তারা বলেন, ভালো ফলাফল অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে নিজেদের মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।