
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাদারীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত র্যালিতে শহরের আসমত আলী খান সড়ক, ২ নম্বর শকুনি ও হরি কুমারিয়া এলাকার সচেতন বাসিন্দারা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
র্যালিতে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া অংশ নেন। এ ছাড়া মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সম্মিলিত সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। এর বিরুদ্ধে প্রতিটি এলাকায় সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে যে নেতিবাচক প্রভাব তৈরি হয়, তা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সমাবেশ থেকে মাদারীপুরের বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার এবং যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।