সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কের ভাঙা অংশ সংস্কার করে স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ‘চলো পাল্টাই যুব সংগঠন’-এর সদস্যরা। নিজেদের উদ্যোগে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের এ কার্যক্রম স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শুকুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের ভাঙা অংশ সংস্কারের কাজ শুরু করেন সংগঠনের সদস্যরা। এতে সংগঠনের প্রায় ২৫ থেকে ৩০ জন যুবক স্বেচ্ছায় অংশ নেন।
সংস্কারকাজে সংগঠনের সদস্য সুয়েল আহমদ, শুভ দাস, মাসুদ মিয়া, নিলেন্দু দাস, রাজিন আহমদ, তালিম মিয়া, সাংবাদিক ইমরান আহমদ, হুসাইন আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্য অংশ নেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের ওই অংশটি ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ তৈরি হচ্ছিল। বিশেষ করে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ছোট যানবাহন চালকদের ওই স্থান দিয়ে চলাচলের সময় বিড়ম্বনায় পড়তে হচ্ছিল। এ পরিস্থিতিতে স্থানীয়দের দুর্ভোগ কিছুটা কমাতে যুব সংগঠনের সদস্যরা নিজেদের উদ্যোগে সংস্কারকাজে এগিয়ে আসেন।
সকাল থেকে দলবদ্ধভাবে যুবকরা সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সংস্কারকাজ করেন। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তারা সড়কের ঝুঁকিপূর্ণ অংশটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন।
‘চলো পাল্টাই যুব সংগঠন’-এর সদস্যরা বলেন, এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। সমাজের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি তরুণদের স্বেচ্ছাশ্রম ও সামাজিক দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, শুধু সড়ক সংস্কার নয়, ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয়রা যুবকদের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, তরুণরা যদি নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাহলে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান