কিশোরগঞ্জে নিজ বাড়ি নির্মাণের সময় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে দৈনিক গণকণ্ঠের কিশোরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক বুরহান খানের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি রক্তাক্ত ও আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের চর শোলাকিয়া এলাকার শোলাকিয়া ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাংবাদিক বুরহান খান।
বুরহান খান জানান, চর শোলাকিয়ায় তার বাড়ি নির্মাণের সময় স্থানীয় রাজমিস্ত্রি ও ঠিকাদার ইমন কাজটি করতে চেয়েছিলেন। তবে অন্য এক ঠিকাদারের মাধ্যমে কম খরচে নির্মাণকাজ করান তিনি। এতে ইমন ক্ষুব্ধ হন। বুরহানের দাবি, অন্য ঠিকাদার দিয়ে কাজ করাতে হলে তাকে চাঁদা দিতে হবে বলে ইমন হুমকি দিয়েছিলেন। চাঁদা না দেওয়ায় ইমন ও তার সহযোগীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।
বুরহান খান আরও বলেন, শনিবার বিকেলে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছ দিয়ে বাসায় ফেরার সময় রাস্তার পাশে থাকা ইমনসহ কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালান। এ সময় তাকে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়। এতে তিনি রক্তাক্ত হন এবং ঠোঁটে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. কুদ্দুছ মিয়া ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রুবেল জানান, তারা বুরহানের সঙ্গে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ইমন এসে কোনো কথা না বলেই বুরহানের ওপর হামলা চালান। পরে তারা ইমনকে থামিয়ে দেন। তাদের দাবি, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বুরহানের সঙ্গে ইমনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বুরহানের স্ত্রী মোছা. জান্নাতুল ফেরদৌস বলেন, মো. ইমন (২৬), রুবেল (৩০), এমদাদুল (২২) ও ইমরান (২৮)—তারা চার ভাই এবং রাজমিস্ত্রির কাজ করেন। বাড়ি নির্মাণের সময় তারা কাজটি করতে চেয়েছিলেন। কিন্তু তার স্বামী বুরহান খান অন্য ঠিকাদারের মাধ্যমে কাজ করায় তারা ক্ষুব্ধ হন। এর জেরেই বুরহানের ওপর হামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযুক্ত ইমনের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান