
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির মধ্যে ঝড়ো হাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভুল্যা ছয়দানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বসীর আহমেদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টার পর ওই এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ সময় উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা আহত ও ভীতসন্ত্রস্ত যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে, বৃষ্টির সময় সড়ক পিচ্ছিল থাকায় চালকদের সতর্কতার সঙ্গে ও নিয়ন্ত্রিত গতিতে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।