শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের পুনরায় বিদ্যালয়মুখী করতে নীলফামারীতে সচেতনতামূলক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফডি) বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এএফডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন বলেন, যে বয়সে শিশুদের বিদ্যালয়ে থাকার কথা, সেই বয়সে অনেক শিশু শ্রমে যুক্ত হচ্ছে কিংবা বাল্যবিবাহের শিকার হচ্ছে। শিশু শ্রম ও বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানো জরুরি। এই র্যালির মাধ্যমে শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু শ্রম ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি শিশুদের বিদ্যালয়মুখী করার ক্ষেত্রেও এ ধরনের কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে।
এএফডির প্রকল্প সমন্বয়কারী কাজল রায় জানান, সেভ দ্য চিলড্রেন ও নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় নীলফামারী ও কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশু শ্রম হ্রাসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ সময় নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলমসহ এএফডির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান