মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তাঁর ১০ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শিবালয় উপজেলার জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে সোনিয়া (২৬) এবং তাঁর ১০ মাস বয়সী মেয়ে জান্নাত। সোনিয়া মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্বামী মো. আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত।
স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সোনিয়ার মাস্টার্সের ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ায় শনিবার সকালে তিনি তাঁর শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সোনিয়া ও তাঁর কোলে থাকা শিশুটি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাসের শিশু জান্নাতও মারা যায়।
বরংগাইল হাইওয়ে থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি উথলী এলাকা থেকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান