খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন সপ্তাহব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ শেষে ২১ প্রশিক্ষণার্থীর মাঝে যোগ্যতা সনদপত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে যোগ্যতা সনদপত্র তুলে দেন মেডিকেল অফিসার ও আরএমও ক্যাপ্টেন সাকলাইন শায়খউদ্দিন।
জানা যায়, গত ৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। তিন সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, নিরাপদ প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।
প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতার স্বীকৃতি হিসেবে ২১ জন প্রশিক্ষণার্থীর মাঝে যোগ্যতা সনদপত্র প্রদান করা হয়।
প্রশিক্ষণার্থী তিলক্ষ চাকমা ও বিউটি মুৎসুদ্দি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তারা গর্ভকালীন স্বাস্থ্য ও পরিচর্যা, প্রসব, শিশু স্বাস্থ্য এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন। এখন তারা নিজ নিজ এলাকায় এসব বিষয়ে মানুষকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করতে পারবেন বলে জানান।
দীঘিনালা সেনা জোনের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান