জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষায় শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর তাঁর শশা ক্ষেতে শিয়ালের উপদ্রব থেকে ফসল রক্ষার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে তার টানিয়ে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব শশা খাওয়ার জন্য ওই জমিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
রোববার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ নির্ণয়ের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ই-পেপার
সম্পাদক ও প্রকাশক : মিজানুর রহমান