
মানিকগঞ্জের শিবালয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিবালয় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, হাইওয়ে থানার ওসি হারুন অর রশীদ, নৌ-থানার ওসি মো. শাহদাত, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, বিএনপি নেতা সুজাউদ্দিন বুলবুল, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া, শিবালয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলাল এবং শিমুলিয়া ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক দবিরুল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি নিখিল চন্দ্র মালো, সাধারণ সম্পাদক বিকাশ কুমার দাস, শিবালয় সার্বজনীন দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র নাথ, নয়াবাড়ী বড়বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরী, উথুলী সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি দীপেন্দ বাবু, মহাদেবপুর ইউনিয়ন পূজা কমিটির চঞ্চল মুখার্জিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের নিজ নিজ মণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে উৎসব পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্টরা শিবালয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।