
দিনাজপুরের খানসামায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ শফিকুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খানসামা উপজেলার পাকেরহাট (রিফুজি পাড়া) এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার শফিকুল ইসলাম দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট (রিফুজি পাড়া) এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে শফিকুল ইসলামের ওপর নজরদারি করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হলে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় খানসামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলা করা হয়েছে। মামলাটি খানসামা থানার মামলা নম্বর-১৩, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬।
মামলার প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তার শফিকুল ইসলামকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।