
মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩০ গ্রাম গাঁজাসহ মো. আল-আমিন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) মানিকগঞ্জ সদর থানাধীন পশ্চিম বান্দুটিয়া এলাকায় আল-আমিন মিয়ার নিজ দখলীয় বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ সূত্রে জানা যায়, অভিযানে তার কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১৩১/২৬ দায়ের করা হয়েছে। অধিদপ্তরের উপপরিদর্শক মো. জামাল হোসেন মামলার প্রসিকিউশন দাখিল করেন।
পরে মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক মো. আল-আমিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।